কোন গাধাই বিয়ে করবেনা
মাইন তখন মিলার সাথে চুটিয়ে প্রেম করছিলো। প্রতিদিনই কোথাও না কোথাও তাদের ডেটিং চলছিলো। পার্ক, হোটেল, টিএসসি... একেকদিন একেক লোকেশনে এই কপোত কপোতিকে দেখা যেতো। সারাক্ষন কি যে এতো কথা বলতো তার কোনো ইয়াত্তা ছিলো না। এই ফাঁকে মাইনের বাবার আলুর গুদাম থেকে যে একে একে আলুর বস্তার সংখ্যা কমতেছিলো সেটা এখনো মাইনের বাবার নজরে পরেনি। মাইনের মাঝে মধ্যে বুক ধুকপুক করলেও মিলাকে খুশি রাখতে পারছে এতেই সে খুশী ছিলো। তো এরকম চুটিয়ে প্রেম করার সময় একদিন বোটানিক্যাল গার্ডেনে যখন মিলা মাইনের কোলে আধোশুয়ে গল্প করছিলো তখন মাইন মিলাকে বিয়ের প্রস্তা্ব করলো।
মাইনঃ "মিলা, চলো আমরা বিয়ে করে ফেলি। এভাবে আর ভালো লাগছে না। যেহেতু তুমিও তোমার বাড়িতে বিয়ের কথাটা বলতে পারছো না আর আমিও পারছি না এই মুহুর্তে বাবাকে সেই কথা বলতে, তাই আমরা দুজনে কোর্টে বিয়ে করে ফেলি... "
মাইনের কথায় মিলা বেশ অবাক হয়ে গেলো। চোখ দুটো বেশ কিছুটা বড় হয়ে গেলো কথাটা শোনার পর। যদিও মনে মনে সে খুশী এই ভেবে যে অন্তত তাদের এই দীর্ঘদিনের প্রেমের একটা সুন্দর পরিণতি হতে যাচ্ছে।
(এখানে বলে রাখা ভালো, শেষ পর্যন্ত কিন্তু তাদের কোর্ট ম্যারেজ করতে হয়নি। উভয় পরিবার তাদের এই প্রেমের স্বীকৃতি স্বরূপ পারিবারিকভাবেই বিয়ে দিয়েছিলো)
মিলাঃ "তুমি যদি এটা ভালো মনে করো আমার কোনো আপত্তি নেই।"
মিলা কোনো আপত্তি না করাতে মাইন বললো,
মাইনঃ "তবে আমাদের এই বিয়ের খবরটা বিয়েরদিন পর্যন্ত কাউকে জানাবো না। একেবারে বিয়েরদিন সবাইকে জানিয়ে দেবো। এটা বেশ ভালো একটা সারপ্রাইজ হবে। "
মাইনের এই কথায় মিলা কিছুটা আপত্তি জানিয়ে বললো,
মিলাঃ "ঠিক আছে, আমি কাউকে জানাবো না, শুধু একজনকে ছাড়া। আমরা যে বিয়ে করতে যাচ্ছি সেটা আমার একজনকে জানাতেই হবে।"
মাইন কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো,
মাইনঃ "কেনো ? একজনকে জানাতেই হবে কেনো ? আর সে লোকটা কে ?"
মিলা এবার বেশ গর্বিতভাবে বললো,
মিলাঃ "কালু। আমাদের পাশের বাড়ির কালুকে ব্যাপারটা জানাতে হবে। সে আমাকে একদিন বলেছিলো, আমাকে নাকি কোনো গাধাই বিয়ে করবে না। তাই তুমি যে আমাকে বিয়ে করছো সে কথাটা তাকে জানাতেই হবে..."