দাম্পত্য জীবনে সুখী
সেদিন কি কারনে জালাল ঢাকা এসেছিলো। পথে হঠাৎ আবিদের সাথে দেখা। বেশ কিছুদিন পর দুজনাতে দেখা হলেও তাদের যোগাযোগ নিয়মিতই হতো। সোস্যাল প্ল্যাটফরমে দুজনেই বেশ এক্টিভ থাকাতে যোগাযোগের কোনো কমতি ছিলো না। তারপরেও সামনা সামনি দেখা আর সোস্যাল নেটওয়ার্কের কল্যাণে দেখার মাঝে বিস্তর ফারাক। ইচ্ছা থাকলেও সব কথা সোস্যাল প্ল্যাটফরমে বলা যায় না। বেশ কিছুদিন যাবতই জালালের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিলো। আবিদের সাথে দেখা হওয়াতে এবার সেটি সে করেই ফেললো।
জালালঃ আচ্ছা আবিদ, দাম্পত্য জীবনে তুমি কি সূখী ?
এই কথা শুনেই দাম্পত্য জীবনে আবিদ যে সূখি সেটা দাবী করে বললো,
আবিদঃ আমরা সপ্তাহে দুদিন নিয়ম করেই রেঁস্তোরায় যাই। সেখানে রাতের খাবার খাওয়ার পর গান শুনে আমোদ ফূর্তি করে হাঁটতে হাঁটতে বাসায় ফিরি। বলো এটা কি সূখী দম্পত্তির বৈশিষ্ট নয় ?
আবিদের জবাব শুনে জালালের বেশ কৌতুহল হলো। তার কৌতুহল নিরসনের জন্য আবিদকে জিজ্ঞেস করলো,
জালালঃ তা তোমরা কবে কবে রেঁস্তোরায় যাও ?
আবিদঃ আমি রেঁস্তোরায় যাই প্রতি বুধবার আর আমার স্ত্রী যায় প্রতি শুক্রবার...